সোম, ২৫ জুলাই ২০১১, ১০ শ্রাবণ ১৪১৮
আমরা চেয়েছিলাম ধর্মনিরপেক্ষতা
কিন্তু পেয়েছি কি?
মোঃ আবুল কাসেম
মাস্টার্স, আইন ও বিচার বিভাগ
আইন ও বিচার বিভাগ
মাদার বখস হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের রাজনীতি এখন মূলত দুটি জোটে বিভক্ত। মহাজোট ও ঐক্যজোট। মহাজোটের কোন কথা যেমন ঐক্যজোট মানতে চায় না তেমনি ঐক্যজোটের সকল কথায়ই মহাজোটের কাছে বিষবত। এমতাবস্থায় আমরা আমজনতা আছি সমস্যায়। ১৯৭২ সালে বাংলাদেশ যে সংবিধান গ্রহণ করেছিল একজন আইনের শিক্ষার্থী হিসেবে আমার কাছে সেখানে কোন দ্বিমত বা ভিন্নমত পোষণ করার কিছু নেই। এযাবত্কাল পর্যন্ত বাংলাদেশের সংবিধানে ১৫টি সংশোধনী আনা হয়েছে কিন্তু জনগণের দাবীতে কি কোন সংশোধনী এমনকি সংশোধনীগুলোর কোন একটি কথাও গ্রহণ করা হয়েছে? কেউ সংশোধনী এনেছে সামরিক শাসনকে বৈধতা দিতে, কেউ বিসমিল্লাহ যোগ করে পাবলিক সেন্টিমেন্ট নিজের করে নিতে, কেউবা ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে স্বৈরাচারবৃত্তিকে পাকাপোক্ত করতে, আবার অনেকে অনেক রকম ফায়দা লুটতে সংবিধানে সংশোধনী এনেছিল। ধর্মনিরপেক্ষতা ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী দল যখন ২০০৯ সালে ক্ষমতায় আসল, যারা মুক্তমনের অধিকারী, সংস্কৃতিপ্রেমী এবং সকল ধর্মে আস্থাপরায়ণ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এই বলে যে, বাঁচলাম- কোন একক ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম মানতে হবে না। সমাজে একটি শান্তির বাতাস বইবে। কিন্তু বাস্তবে কি তাই ঘটেছে? আমরা চেয়েছিলাম ধর্মনিরপেক্ষতা, কিন্তু পেয়েছি কি? রাষ্ট্রধর্ম ইসলাম করায় ১৯৮৮ সালের ১২ জুন বৃহত্তর দুই দলই প্রতিবাদের ঝড় তুলেছিল। কিন্তু বর্তমান পেক্ষাপট একদল রাষ্ট্রধর্ম রাখার পক্ষে ছিল অন্যদল বিরোধী ছিল, কিন্তু ৩০ জুন যখন পঞ্চদশ সংশোধনী আইন পাস হল দেখা গেল যারা ধর্মনিরপেক্ষতার নামে চেঁচামেচি করছিলেন তারা অতি সন্তর্পণে সেটা মেনে নিয়েই বিলটি পাস করেছেন। বর্তমান সংবিধানের অবস্থা কি যে বলব! পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা সংবিধানে কোনদিন থাকতে পারে না। আর যদি থেকেও থাকে তাহলে সেটা রাজনীতি ও সমাজনীতির পরিবেশকে ঘোলাটে করবে বৈ আলোকিত করবে না।
সুতরাং বর্তমান সরকারের উচিত হবে আমাদের মত আমজনতাদের “হরতাল” নামের যে বেয়াদব শব্দটি আছে তার যেন মুখোমুখি না হতে হয় আর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। যেখানে গণতন্ত্র থাকবে সমুন্নত। রাষ্ট্রের ধর্ম বলে কিছু থাকবে না। প্রকৃতপক্ষে রাষ্ট্র কোন ধর্মকে ভিত্তি করে গড়ে ওঠে না। মানব ধর্মই রাষ্ট্রের ধর্ম, মানব কল্যাণই রাষ্ট্রের কল্যাণ।
ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম একই সাথে থাকতে পারে না। কিন্তু তাই করা হয়েছে
সাদিয়া আফসানা রিমা
৪র্থ বর্ষ, আইন ও বিচার বিভাগ
তাপসী রাবেয়া হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়
গত ৩০ জুন আমাদের মহান জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল ২৯১-১ ভোটে পাস হয়েছে। এর মাধ্যমে ১৯৭২ সালের সংবিধানের অন্তর্ভুক্ত জাতীয় চার মূলনীতি-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরে এল, রাষ্ট্রধর্ম হিসেবে স্থায়ী হল-ইসলাম, বাদ পড়ল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংযুক্ত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যবাধকতা, অবৈধ হলো সংবিধানের ৫০টির মতো বেশী অনু্চ্ছেদ সংশোধন, বাড়ানো হলো আরও ৫টি সংরক্ষিত নারী আসন, বাতিল হলো রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার। রাষ্ট্রধর্ম ইসলামের প্রর্বতন হয়েছিল সংবিধান (অষ্টম সংশোধন) আইন, ১৯৮৮ (১৯৮৮ সালের ৩০ নং আইন) এর ২ ধারাবলে ২ক অনু্চ্ছেদে। রাষ্ট্রধর্ম প্রর্বতন বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো আঘাত করেছে। রাষ্ট্রধর্মের প্রবর্তন বাংলাদেশের মানুষকে মুসলমান (রাষ্ট্রধর্মের অনুসারী) এবং অমুলমান (শান্তিতে পালনযোগ্য অন্যান্য ধর্মের অনুসারী) বিভক্ত করেছে। রাষ্ট্রধর্মের প্রবর্তন বাংলাদেশের অমুসলমান নাগরিকদের মধ্যেও এক ধরনের স্বাতন্ত্র্যবাদের সূচনা করেছে। রাষ্ট্রধর্ম প্রবর্তনের পরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের প্রতিষ্ঠা তারই দৃষ্টান্ত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্রধর্ম শুধু বহালই রাখেননি বরং চিরকালের জন্য ‘সংশোধনের অযোগ্য’ ঘোষণা করেছে। জিয়া ও এরশাদ রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করে যা করতে পারেননি তা আওয়ামী লীগ করেছে এই দুটিকে অনন্তকালের জন্য সংশোধনের অযোগ্য ঘোষণা করে। এই একই সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ জাতীয় চার মূলনীতির একটি হিসেবে পুনরায় গ্রহণ করা হয়েছে। অর্থাত্ ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম একই সাথে থাকছে। তাই বলা যায় সরকার গাছের ফলও চাচ্ছে আবার গাছের নিচে পড়ে থাকার ফলগুলোর লোভও সংবরণ করতে পারছে না। তাই ওই দুটোকে একসঙ্গে সংবিধানের মৌলিক কাঠামো করা হয়েছে।
সংবিধানের কোন ্উপন্যাস নয় যে, এখানে ইচ্ছামত কল্পকাহিনী থাকবে। এর প্রতিটি অক্ষরই অর্থবহ ও রাষ্ট্রীয় জীবনে তার সুষ্ঠু প্রয়োগ না করা সর্বোচ্চ্ মাত্রার রাষ্ট্রবিরোধিতা। তবে এই পরম সম্মানীয় সংবিধানে একইসঙ্গে কিভাবে একটি রাষ্ট্রধর্ম, একটি ধর্মের বাণী উদ্ধৃত থাকা অবস্থায় ধর্মনিপেরক্ষতাও থাকে তা বুঝতে পারছি না। এর কোন মানে হয় না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হ্চ্ছে ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা আপোষ করে রাষ্ট্রধর্মকে রাখা হয়েছে। অথচ ১৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তাদের সংবিধানের সুনির্দিষ্টভাবে ধর্মনিরপেক্ষতা শব্দটির উল্লেখ ও ব্যাখ্যা প্রদান করেছে। দেশগুলো হচ্ছে-আজারবাইজান, বারকিনো- ফাসো, চাদ, গায়না, কাজাখস্তান, কসোভা, কিরগিস্তান, মালি, নাইজার, সেনেগাল, তাজাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান। এবং আরও ছয়টি দেশে কোন প্রধান রাষ্ট্রধর্ম নেই এবং তাদের আইন ব্যবস্থা ধর্মনিরপেক্ষ। দেশগুলো হচ্ছে-আলবেনিয়া, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, লেবানন, সিয়েরা লিওন, সিরিয়া ও উজবেকিস্তান। এই ১৯টি মুসলিম রাষ্ট্র ইসলাম না রেখে ধর্মনিরপেক্ষ থাকতে পারছে আমরা সেখানে কেন পারছি না? অথচ দেশের আপামর জনসাধারণ কেউ কখনো সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার উচ্ছেদ চায়নি, রাষ্ট্রধর্মের প্রবর্তনও চায়নি। ক্ষমতাসীন ব্যক্তি ও গোষ্ঠী নিজের স্বার্থে এসব উদ্যোগ নিয়েছিল এবং বলা যায় দেশের অধিকাংশ মানুষ তা মেনে নিয়েছে। তবে সচেতন জনগোষ্ঠী বরাবরই এসব ব্যবস্থাকে বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে গণ্য করে এসেছে।
সংবিধানে এমন কিছু থাকা উচিত নয়
যা বিতর্ক বা সংঘাতের জন্ম দেয়
মোত্তাকিয়া খাতুন কেয়া
৪র্থ বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান
মন্নুজান হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আদালতের রায় মেনে যদিও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে, তবুও এক্ষেত্রে অনেক দ্রুততার সাথে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে আরও দুটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছে আদালত। আর এ বিষয়টি সরকার ও বিরোধী দলের মধ্যকার দূরত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম ধর্মকে রাজনৈতিক ব্যবস্থায় বহাল রাখার মধ্য দিয়ে সরকার সংবিধানের সাথে একটি সাংঘর্ষিক অবস্থান তৈরি করেছে। সংবিধানের ধর্মনিরাপেক্ষতার প্রশ্নে ক্ষমতাসীনদের মিত্ররা যেমন হতাশ হয়েছে, তেমনি ইসলামী দলগুলো সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল রাখার দাবিতে বিক্ষোভ করছে। এই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে ৩৬ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৩০ ঘন্টাসহ কয়েক দফা হরতালও হয়েছে, যা জনজীবনকে অনেকখানি অস্থির করে দিয়েছে। তবে এই সংশোধনীর গ্রহণযোগ্য দিক যে নেই, তা কিন্তু নয়। দেশের নাগরিকের বাঙ্গালি জাতি পরিচয়, সংসদে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি, জাতির পিতার স্বীকৃতি, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধিসহ ঐতিহাসিক দিবসের ভাষণ সমূহের সংযোজন অবশ্যই প্রশংসার দাবিদার। জাতীয় চার মূলনীতিসহ এই বিষয়গুলো সংযোজনের মাধ্যমে দেশ মুক্তিযুদ্ধের চেতনায় রচিত আদি সংবিধানে মুখ ফেরাতে শুরু করেছে। তবে সংবিধানে যে ক্ষুদ্র জাতিসত্তার বিষয়টি স্থান পেয়েছে তা অনেকখানি বিতর্কের জন্ম দিয়েছে। যদিও আদিবাসী হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি ছিল সংখ্যালঘুদের। এক্ষেত্রে দেশের সব নাগরিকের সাথে তাদের সমঅধিকার সরকার নিশ্চিত করতে পারছে কিনা তার দিকেই দৃষ্টি থাকবে সবার। তাছাড়া নতুন সংযোজিত অন্তর্বর্তীকালীন সরকার কতটা নিরপেক্ষ হবে তা নিশ্চিত করাও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ নি:সন্দেহে।
তবে এক্ষেত্রে আরও সময় নিয়ে চিন্তা-ভাবনা করে এবং বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে স্বচ্ছ প্রক্রিয়ায় অধিকতর গ্রহণযোগ্য সংবিধান সংশোধন হলে সবার জন্য মঙ্গলজনক হতো। দেশ পরিচালনার ব্যাপারে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করাই যেহেতু সংবিধানের কাজ, সেহেতু সংবিধানে এমন কিছু থাকা উচিত নয় যা বিতর্ক বা সংঘাতের জন্ম দেয়। আর তাই সামপ্রতিক সময়ে সৃষ্ট সংঘাত নয়, পরিস্থিতি মোকাবিলায়ই সরকারকে এগিয়ে আসতে হবে, বিরোধী দলের সাথে সমঝোতার পথ তৈরি করতে হবে। বিরোধী দলগুলো যেন এমন কোন ইস্যু না পায় যাকে কেন্দ্র করে তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। এজন্য প্রয়োজন উভয় দলের রাজনীতিবিদদের মানসিকতার ব্যাপক পরিবর্তন। তাহলেই কেবল দেশে গণতান্ত্রিক ধারার সুষ্ঠু বিকাশ প্রত্যাশা করা যায়।
সরকারকে অবশ্যই বিভিন্ন পক্ষের এই ক্ষোভকে প্রশমিত করতে হবে
সাব্বির আহমেদ
৪র্থ বর্ষ
রাষ্ট্রবিজ্ঞান
রাজশাহী বিশ্ববিদ্যালয়
পঞ্চদশ সংশোধনীর পর টালমাটাল হয়ে পড়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। বর্তমান মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সংবিধান সংশোধনে মনোবিবেশ করে। এরপর ১০মে ২০১১ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা এবং সেই সঙ্গে আরোও দুই মেয়াদ এই ব্যবস্থা বহাল রাখা যেতে পারে বলে অভিমত দেয়। এটিকে পুঁজি করে সরকার যে সংশোধনী আনে তাতে পূর্বের সংবিধানের মূলনীতি থেকে শুরু করে ৪৮টি সংশোধনী আনে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সংশোধনীর ফলে, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ কল্যাণকামী রাষ্ট্রের নাগরিক সুবিধা ভোগ করবে। ৭২ এর সংবিধানের মূল নীতিগুলো প্রতিস্থাপনের মাধ্যমে একদিকে ধর্ম- নিরপেক্ষতাকে সংবিধানের মূলনীতি বলা হচ্ছে, অপরদিকে ইসলামকে রাষ্র্বধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে। এতে করে বিভিন্ন বামপন্থী দল ও গোষ্ঠী রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের দাবি করছে, তেমনি ধর্মভিত্তিক ইসলামী দলগুলো সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাতিলের দাবি করছে। তবে সবচেয়ে বেশী বিতর্ক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রসঙ্গে। সরকারের ভিতরের একটি অংশ, সরকারের বাইরের প্রায় সব দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ ব্যবস্থা বাতিলের তীব্র নিন্দা জানায়। প্রধান বিরোধী দল বি.এন.পি-সহ সমমনা দলগুলো এ ব্যবস্থা বাতিলের প্রতিবাদে হরতাল, বিক্ষোভসহ নানা কর্মসূচী গ্রহণ করেছে। এতে করে আবারও অস্থির হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন।
সংবিধানের ৭(ক) অনুচ্ছেদে অবৈধ ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করলেও রাজনীতিবিদদের মধ্যে এই দ্বন্দ্ব সংঘাতের ফলে আবারও কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারে। সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে উপজাতীয়দের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু অনেক উপজাতি সংগঠন এতে সন্তুষ্ট নয়। তারা আদিবাসী স্বীকৃতি চায়। ইউপিডিএফসহ বিভিন্ন উপাজাতি সংগঠন অবরোধ, মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে। আবার সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন ৩৮টি বিষয়ে তাদের কমেপ্রামাইজ করতে হয়েছে। সবমিলিয়ে পঞ্চদশ সংশোধনীর ফলে সরকার কোন পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি। সরকারকে অবশ্যই বিভিন্ন পক্ষের এই ক্ষোভকে প্রশমিত করতে হবে, নয়তো দেশ আবার সংঘাতের দিকে এগিয়ে যাবে। তবে সংশোধনীতে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে ৫০-এ উন্নীত এবং শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এটিই সকলের প্রত্যাশা।
