নির্বাচকদের নির্বাচিত দল বোর্ড সভাপতির অনুমোদনের অপেক্ষায় পড়ে ছিল গত কয়েক দিন। শেষ পর্যন্ত সেটি আলোর মুখ দেখল গতকাল অনেক রাতে। সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে সেখানেই ঘোষিত হলো জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল।
জিম্বাবুয়েতে একটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথমেই টেস্ট বলে কাল ঘোষিত ১৫ সদস্যের দলকে টেস্ট স্কোয়াড ধরে নেওয়াই স্বাভাবিক। যদিও বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আলাদাভাবে টেস্ট দলের কথাটা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল। যাতে স্ট্যান্ডবাই তালিকায় আছেন পাঁচজন।
আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের নতুন নির্বাচক কমিটির প্রথম দল। যাতে নতুনের আবাহনই গাইলেন তাঁরা। দলে দুটি নতুন মুখ—শুভাগত হোম চৌধুরী ও নাসির হোসেন। শুভাগত হোম অবশ্য গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও ছিলেন। গত কিছুদিন টেস্ট দলে নিয়মিত রকিবুল হাসানের বাদ পড়াটাই সবচেয়ে বড় খবর। যদিও প্রথম আলোর পাঠকদের কাছে হয়তো তা নয়। দুই দিন আগেই এই খবর ছাপা হয়ে গেছে খেলার পাতায়।
প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর আকরাম খান বলেছিলেন, তাঁর অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশ দলের গড় বয়স বাড়ানো। তাঁর নেতৃত্বাধীন কমিটির নির্বাচিত প্রথম দলেই নতুন দুজনের অন্তর্ভুক্তিকে তাই স্ববিরোধিতা মনে হতেই পারে কারও কাছে। আকরাম খান অবশ্য অন্য যুক্তি দিলেন, ‘পুরোনো প্রায় সবাইকেই তো রাখা হয়েছে। নতুন যে দুজনকে নেওয়া হয়েছে, টেস্টে তাদের না খেলার সম্ভাবনা প্রায় ৯০ ভাগ। মূলত ওয়ানডে সিরিজের কথা ভেবেই ওদের নেওয়া হয়েছে। কারণ, ওয়ানডে সিরিজের জন্য আমরা বেশি রিপ্লেসমেন্ট পাঠাতে চাই না।’
বাংলাদেশ দল জিম্বাবুয়ে রওনা হবে ২৭ জুলাই।
জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, রবিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নাসির হোসেন।
স্ট্যান্ডবাই: নাঈম ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, অলক কাপালি, সৈয়দ রাসেল ও সগীর হোসেন।
July 16th, 2011
