Posts tagged ‘ম্যারাডোনা’

July 10th, 2011

 আর্জেন্টিনায় আবার ‘ম্যারাডোনা’ রব

ম্যারাডোনা

গত বছর ফুটবল বিশ্বকাপের পর ম্যারাডোনার সঙ্গে অনেক লড়াই চালিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সার্জিও বাতিস্তা। কিন্তু নিজেদের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা হতাশাজনকভাবে ড্র করার পর জনসমর্থন হারাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ। এক বছর যেতে না যেতেই আবার ম্যারাডোনাকে ফিরিয়ে আনার দাবি তুলেছে আর্জেন্টিনার ফুটবল পাগল মানুষেরা।
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেই বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বড় একটা হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের ফলাফল আরও হতাশাজনক। এবার কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছেন বাতিস্তার শিষ্যরা। আগামী ১২ জুলাই কোস্টারিকার বিপক্ষে জিততে না পারলে হয়তো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে পারে স্বাগতিক আর্জেন্টিনা। ১৮ বছর পর কোপা আমেরিকা জয়ের স্বপ্ন দেখা আর্জেন্টিনার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই হতাশাজনক পরিস্থিতি। এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকেও যেমন দুয়োধ্বনি শুনতে হয়েছে, তেমনি কোচ সার্জিও বাতিস্তার ওপরও আর আস্থা রাখতে পারছে না আর্জেন্টাইন সমর্থকেরা। কিংবদন্তি ম্যারাডোনাকেই আবার ফিরিয়ে আনার দাবি উঠেছে বলে একটি প্রতিবেদনে দাবি করেছে ডেইলি মেইল। এটা নিশ্চিত, আর্জেন্টিনা যদি প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়, তাহলে জাতীয় দলের সঙ্গে বাতিস্তার আর থাকা হবে না।